প্রিন্ট এর তারিখঃ Apr 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Feb 21, 2026 ইং
ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই আমেরিকার!

তেল আবিবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত মাইক হাকাবি জানিয়েছেন ইসরায়েল যদি পুরো পশ্চিম এশিয়া দখল করে তাও আপত্তি নেই যুক্তরাষ্ট্রের ।
শনিবার তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা যদি গোটা পশ্চিম এশিয়া দখল করে নেয় তবে ভালই হবে! কেননা, এই ভূখণ্ডের (মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়া) ওপর ইহুদি জনগণের ঐতিহাসিক ও ধর্মীয় অধিকার রয়েছে। এই সীমানা বাইবেলে নির্ধারিত হয়েছে।
পশ্চিম এশিয়ার উপর ইহুদি জনগণের ‘ন্যায্য অধিকারের’ কথা বলতে গিয়ে ওল্ড টেস্টামেন্টের উদাহরণও টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির একদা প্রথম সারির নেতা হাকাবি।
প্রসঙ্গত, আমেরিকার আরাকানস প্রদেশের প্রাক্তন গভর্নর হাকাবিকে ইসরায়েলে মার্কিন রাষ্ট্রদূত নিযুক্ত করা হয়েছে ট্রাম্পের দ্বিতীয়মেয়াদেই। ঘটনাচক্রে, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে শুক্রবার রাতে লেবাননে ইসরায়েলি বিমানহানার পরই তার এমন বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে এল।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে পশ্চিম এশিয়ায় নৌবহর মোতায়েন শুরু করেছে যুক্তরাষ্ট্র। তৈরি হয়েছে যুদ্ধের আশঙ্কা। রমজানের সময় ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের আল-আকসা মসজিদ প্রবেশের উপর নেতানিয়াহু সরকারের বিধিনিষেধকে কেন্দ্র করেও উত্তেজনা ছড়িয়েছে। লেবাননে নতুন করে ইসরায়েলি হামলাও বড় অশান্তির অনুঘটক হতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এই আবহে সাক্ষাৎকারে ইসরায়েলের ভৌগোলিক সীমা নিয়ে প্রশ্নের উত্তরে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য, ‘‘ওরা (ইসরায়েল) যদি সবটা দখল করে নেয়, তবে ভালোই হবে!’’
ইসরায়েল পশ্চিম এশিয়া সত্যিই দখল করবে কি না জানতে চাওয়া হলে হাকাবি বলেন, ‘‘ওরা সেটা চায় না। ওরা এমন দাবিও করেনি।”
প্রশ্নকর্তা টুকার কার্লসেন এর পরে তাকে জানান, বাইবেলে ইব্রাহিমের বংশধরদের জন্য যে ভূখণ্ড নির্ধারিত হয়েছে, তা ইরাকের ফোরাত নদী থেকে মিসরের নীল নদের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত বিস্তৃত। আধুনিক লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশও তার অন্তর্ভুক্ত।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV